প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2025 ইং
এবার নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া

নিজস্ব প্রতিবেদক জুয়েল রানা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
স্লোভেনিয়ার এই সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের প্রতি দেশটির কঠোর অবস্থানের সর্বশেষ পদক্ষেপ। এর আগে গত আগস্টে স্লোভেনিয়া ছিল ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা ইইউর প্রথম দেশ। এমনকি তারও আগে দেশটি ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিচকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে 'গণহত্যামূলক বক্তব্য' দেওয়ায় 'অবাঞ্ছিত ব্যক্তি' ঘোষণা করে।
চলতি বছরের জুনে স্লোভেনিয়া নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের মতো একই পথে হেঁটে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একইসঙ্গে দেশটি গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার সরাসরি এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY